বৃহৎ পুঁজির আঘাতে চিকিৎসা শাস্ত্রের, জনস্বাস্থ্যের আঙিনায় কি কি পরিবর্তন এলো? চিকিৎসকেরা কি ভুলে গেলেন যে ‘মেডিসিন সামটাইমস কিওরস, অফ্ন রিলীভস, বাট অলওয়েস কনসোলস’? কোনও একটা ‘ইল’ থাকলেই যে তার একটা ‘পিল’ থাকবে, এটাই কি হয়ে উঠল চিকিৎসার নতুন মন্ত্রগুপ্তি? সুভদ্র মানুষের ‘উন্নত স্বাস্থ্য চেতনার’ কর্পোরেট আলোকিত পথের ধারে জনস্বাস্থ্য যে পথের ভিখিরি হয়ে রইল, সেই দায় কার?
আমাদের সংস্থার নাম, “গ্লোবাল র্যাশনাল অ্যালায়েন্স ফর পাবলিক হেলথ” বা সংক্ষেপে, “গ্রাফ”। বিশ্বপুঁজির মতিগতি এবং জনস্বাস্থ্যের বিজ্ঞান নিয়ে এই সংস্থার নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকবে; কিন্তু একইসঙ্গে নানাবিধ সংগঠনের মধ্যে এই সংস্থা একটি মৈত্রীবন্ধনের কাজ করবে। বিজ্ঞান মঞ্চ, অধিকার মঞ্চ, চিকিৎসকদের সংগঠন, কর্মচারী ও মজুরদের সংগঠন, অর্থনীতিবিদ, রাজনৈতিক কর্মী, ইতিহাসবিদ ইত্যাদি সকলের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই। অন্যান্য সংগঠন বা এমনকী, ব্যক্তিবিশেষ সর্ববিষয়ে সর্বক্ষণ আমাদের সঙ্গে সহমত হবেন, এমন দাবি আমরা করি না। কিন্তু এক-একটা বিশেষ পরিস্থিতিতে, এক-একটা নির্দিষ্ট বিষয়ে সকলে সহমত হতে পারবেন, এমন আশা করি।